সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

দ্বিতীয় ইনিংসেও নতুন রেকর্ড গড়লেন হৃদয়

সংগৃহীত

স্পোর্টস ডেস্ক:: সিলেট টেস্টটা স্বপ্নের মতো কাটছে তাওহিদ হৃদয়ের। প্রথম ইনিংসে ২৪২ রানের হার না মানা ইনিংস খেলে গড়েছিলেন রেকর্ড। এবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নতুন এক রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। প্রথম ইনিংসে দলের বিপর্যয়ের মুখে নামতে হয়েছিল তাকে। উইকেটে এসেছিলেন দলের স্কোরবোর্ড যখন বলছিল ২-২২। দ্বিতীয় ইনিংসেও তিনি যখন নামলেন, দল তখন ধুঁকছে। প্রথম উইকেট খুইয়ে বসেছিল ৩৩ রানে।

এরপর তিনি সে ধসটা সামলেছেন। রিপোর্ট লেখার আগ পর্যন্ত তিনি করেছেন ৪৬ রান, ব্যাটিং করছেন এখনও। এই ইনিংস খেলেই তিনি গড়ে ফেলেছেন নতুন এক রেকর্ড। এক টেস্টে কোনো বাংলাদেশির সর্বোচ্চ রানের রেকর্ড।

২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৬ আর ১০৫ রানের ইনিংস খেলে এতদিন রেকর্ডটা নিজের করে রেখেছিলেন মুমিনুল হক। সে ম্যাচে সাকুল্যে তার রান ছিল ২৮১। আজ ৪০ রানে থাকাকালেই সেটা ভেঙে দিয়েছেন হৃদয়।

তবে এক ম্যাচে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটা ভাঙতে হলে বেশ কাঠখড় পোড়াতে হবে হৃদয়কে, ব্যাটের রানের গতিও বাড়াতে হবে বহুগুণে। ১৯৯০ সালে গ্রাহাম গুচ লর্ডসে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন, দ্বিতীয় ইনিংসে আবার করেছিলেন ১২৩ রান। তাতে তার মোট রান গিয়ে দাঁড়িয়েছিল ৪৫৬। সে রেকর্ড প্রায় ৩৬ বছর ধরে টিকে আছে এখনও।

সে রেকর্ডটা ভাঙতে এখনও হৃদয়ের দরকার ২২৮ রান, টেস্টের শেষ দিনে দেড় সেশনে এটা রীতিমতো দুঃসাধ্য ব্যাপার। তবে হৃদয় চাইলে শীর্ষ ১০-এ উঠে আসার একটা চেষ্টা করতে পারেন। আর ৮৬ রান তুললে মাহেলা জয়াবর্ধনেকে পেছনে ফেলে এই তালিকার সেরা দশে ঢুকে পড়বেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com