বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, একুশের কণ্ঠ অনলাইন:: তামিম ইকবাল আগে থেকেই নেই। হাতের চোটের কারনে সিরিজ খেলবেন না লিটন দাস। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ওপেনার সঙ্কটে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বাকি রইলেন সৌম সরকার আর মোহাম্মদ নাঈম শেখ। কেননা ১৭ দলের স্কোয়াডে যে বিশেষজ্ঞ ওপেনার রয়েছেন মাত্র দুইজন। তাই এখন অভিনব চিন্তা টিম ম্যানেজম্যান্টের।
জিম্বাবুইয়ে সফরের টি-২০ সিরিজে তিন ম্যাচেই ইনিংস সূচনা করেছেন নাইম শেখ ও সৌম্য সরকার। প্রাথমিকভাবে দুজনের জুটি বেশ সফলই বলা চলে। প্রথম ম্যাচেই বাংলাদেশের পক্ষে প্রথম উইকেটে প্রথম শতরানের জুটি করেছিলেন এই দুইজন। দুশ্চিন্তাটা আসলে জিম্বাবুইয়ে সফরে শেষ টি-টোয়েন্টি ম্যাচে সৌমের চোটের কারণেই এইসব ভাবনা। দলের কোন চোটের শঙ্কা নেই রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন সৌম সরকার চোট থেকে ফিরছে সেটি জিম্বাবুইয়েতে হয়েছিল আমি আশা করি সে এর মধ্যেই সেরে উঠবেন।
এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজটিতে নাইম শেখ ও সৌম্যই যে হবেন বাংলাদেশ দলের দুই ওপেনার- তা নিশ্চিতভাবেই বলা যায় না। কিন্তু এ দুজনের মধ্যে কারও যদি কোনো চোট বা জরুরি অবস্থা চলে আসে, তাহলে বিকল্প কী? কাকে দিয়ে ইনিংস শুরু করবে বাংলাদেশ?
এমন এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, অলরাউন্ডার সাকিব আল হাসান আর মোহাম্মদ মিঠুনের নাম।
কঠোর কোভিড-১৯ প্রটোকলের কারণে বাইরে থেকে নতুন করে কোন খেলোয়াড় একদমই সুযোগ নেই। তাই সমাধান খুঁজতে হবে স্কোয়াডের ১৭ জনের মধ্যেই। আর তা খুঁজতে গিয়েই অভিনব চিন্তা বাংলাদেশ দলের। যা হয়তো আগে চিন্তা করেনি কেউ। জরুরি প্রয়োজনে অল রাউন্ডার সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুনও ওপেনার হয়ে যেতে পারেন বলে জানালেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। দু’জনই ওপরের দিকে খেলার অভিজ্ঞতা থাকায় ওপেনার হতেও সমস্যা হবে না বলে মনে করেন ডোমিঙ্গো।
রবিবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওপেনিংয়ে স্কোয়াডে থাকা খেলোয়াড় সঙ্কটের বিষয়ে টাইগারদের হেড কোচ বলেন, ‘আমরা এ বিষয়টা নিয়ে অনেক ভেবেছি। এখন স্কোয়াডে সাকিব আল হাসান আছে, সে ওপেনিংয়ে উঠে আসতে পারে।’ তিনি আরও যোগ করেন, ‘মোহাম্মদ মিঠুন দলে ফিরে এসেছে। যদিও সে মিডল অর্ডার ব্যাটসম্যান, তবে এই সংস্করণে প্রয়োজনে সে ওপেন করতে পারে, যদি কোনো ওপেনার চোট পায়। আশা করি, ওপেনারদের কিছু হবে না। তবে কিছু হয়ে গেলে, বিকল্প আছে আমাদের।’
হেড কোচের ভাবনা খানিক অবিশ্বাস্য শোনালেও, বাস্তবিক অর্থেই এটির প্রয়োগ করার সুযোগ নিতেই পারে বাংলাদেশ দল। কেননা দীর্ঘদিন ধরেই তিন নম্বরে খেলছেন সাকিব। ফলে নতুন বলে মানিয়ে নেয়া তার পক্ষে খুব অন্যদের তুলনায় সহজই হবে।
অন্যদিকে ঘরোয়া ক্রিকেট তো বটেই আন্তর্জাতিক ক্রিকেটেও ওপেনিং করার অভিজ্ঞতা রয়েছে মিঠুনের। বাংলাদেশের হয়ে একটি ওয়ানডে ও তিনটি টি-২০তে ইনিংস শুরু করেছেন তিনি। এমনকি ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষেই ওপেনিংয়ে নেমেছিলেন তিনি, করেছিলেন ২৩ রান। তবে সাকিব-মিঠুনের বাইরে বাংলাদেশ দল চাইলেই আরও একজনের দিকে তাকাতে পারে। তিনি স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ ঘরোয়া টি-২০তে প্রায়ই ওপেনিং ও ৩ নম্বরে ব্যাটিং করে থাকেন এ মারকুটে ব্যাটসম্যান। প্রয়োজনে তাকেও হয়তো ব্যবহার করবে বাংলাদেশ দল।