শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

ঢাবির অধিভুক্ত ৭ কলেজে ভর্তির আবেদন শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সম্মান ও পাস কোর্সে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান ভর্তির এ প্রক্রিয়ার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কবি মুহাম্মদ সামাদ, কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. ইমদাদুল হক, সাত কলেজ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আবু তালেব, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, ২৬ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে সাত কলেজের শিক্ষার্থীরা www.7collegedu.com ওয়েবসাইটে গিয়ে ভর্তির আবেদন করতে পারবেন। আগামী ২৫ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে।

অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৯ নভেম্বর, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর ও বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান ইউনিটের অধীনে ৬ হাজার ৫শ’টি, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে ১১ হাজার ৬শ’ ৩০টি ও বাণিজ্য ইউনিটের অধীনে ৫ হাজার ২শ’ ১০টি আসন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com