শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন মঙ্গলবার থেকে শুরু

সাহিত্য ও শিক্ষাঙ্গন ডেস্ক রিপোর্ট:: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তির অনলাইনের আবেদন প্রক্রিয়া মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। এদিন বিকাল সাড়ে ৫টা থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ২৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে ভর্তি প্রক্রিয়া উদ্বোধন করবেন।

উল্লেখ্য, বরাবরের মতো এবারো পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে ‘গ’ ইউনিটের ও সর্বশেষ ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী এবারের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর শুক্রবার, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর শুক্রবার, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর শুক্রবার, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর শুক্রবার এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর শনিবার ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (অঙ্কন) ২২ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।

নির্ধারিত সময়ের পর থেকে(মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা) আগ্রহী শিক্ষার্থীরা admission.eis.du.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ করতে পারবে। এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের উক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com