বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াই শনিবার ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে অনেক চড়াই-উতরাই আর উৎকণ্ঠার পর সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে টাইগাররা। মাঠে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিনরা। এবার মঞ্চে হাজির হচ্ছেন বিশ্ব ক্রিকেটের সব সুপারস্টার। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথের মধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে সুপার টুয়েলভ আবুধাবিতে।
আর দুবাইয়ে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ওয়ানডের শিরোপাধারি ইংল্যান্ড। বাছাইয়ের আদলে তৈরি রাউন্ড ওয়ান নিয়ে খুব একটা আগ্রহ থাকত না, যদি না বাংলাদেশ সেখানে খেলত! সুপার টুয়েলভে গ্রুপ-১এ প্রথম দিনেই চোখ থাকবে কাইরন পোলার্ড, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভোদের ওপর। ইয়ন মরগানের শিবিরে আছেন জনি বেয়ারস্টো, জস বাটলার, ডেভিড মালান, আদিল রশিদের মতো পারফর্মার। হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত আটটায়। তার আগে বিকেল চারটায় অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু সুপার টুয়েলভের সুপার লড়াই।
ওয়ানডে ও আভিজাত্যের টেস্ট আঙিনায় নিজেদের হারিয়ে খোঁজা উইন্ডিজ ছোট্ট ফরমেটে সেরাদের সেরা। পাওয়ার ক্রিকেটের পসরা সাজিয়ে হাজির হওয়া ক্যারিবিয়রা বিশ^কাপ আসলেই অবধারিত ফেবারিট! অস্ট্রেলিয়ার মতো দল যেখানে আগের ছয় আসরে শিরোপার স্বাদ পায়নি সেখানে দুই বারই যে চ্যাম্পিয়ন ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভোর দল! ২০১২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চতুর্থ টি২০ বিশ্বকাপের ফাইনালে আয়োজক লঙ্কানদের হারিয়ে প্রথম ট্রফি জেতে ড্যারেন সামির ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ ভারতে অনুষ্ঠিত ২০১৬ সালের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে এক আসর পরই ট্রফি পুনরুদ্ধার করে ক্যারিবীয়রা। গতবারও নেতৃত্ব দেন সামি।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নেতৃত্ব ভার এবার কাইরন পোলার্ডের ওপর। রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছেন বিগ ম্যান পোলার্ড, ‘শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামতে অধীর হয়ে আছি। টি২০ ক্রিকেট দারুণ রোমাঞ্চকর আর আন্তর্জাতিক পর্যায়ে তো এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ক্রিকেটাররা প্রতিনিয়ত উদ্ভাবনের সীমানা ছাড়িয়ে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে দর্শনীয় একটি আসরের আশা করছি।’ আর উইন্ডিজকে দু দুটি শিরোপা জেতানো অধিনায়ক সামি তো হুমকিই দিয়ে রেখেছেন, ‘আমাদের শিরোপা ধরে রাখার ক্ষমতা রয়েছে। আপনি অধিনায়ক পোলার্ডের দিকে দেখুন। ইউনিভার্স বস ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, জেস হোল্ডার, ফ্যবিয়েন এ্যালেন, এভিন লুইস। কি বলব আমি চাইলে আপনাকে আরও বড় একটি লিস্ট ধরিয়ে দিতে পারি যারা আপনাকে যে কোন সময় আক্রমণ করতে পারে।’
অন্যদিকে ২০১০ উইন্ডিজ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে টি২০ শিরোপা জিতেছিল পল কলিংউডের ইংল্যান্ড। ২০১৬ সালে ভারতের কলকাতায় অনুষ্ঠিত সর্বশেষ টি২০ বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার মানে মরগানের দল। এরপর ২০১৯Ñএ ঘরের মাঠে তারা ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে। ধারাবাহিকতাকে শক্তি মেনেই তিন আসর পর ট্রফি পুনরুদ্ধার করতে চাইছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান, ‘গত দুই বছরের পারফরমেন্সে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ধারাবাহিকতা। টি২০ ক্রিকেটে ম্যাচে পরিস্থিতি খুব দ্রুত বদলে যায় এবং দারুণ সব প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গড়া আমাদের দল। আমি মনে করছি আমাদের কাছে প্রত্যেকটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ।’
তার আগে আবুধাবিতে আজ বিকেল চারটায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভের দ্বৈরথ। দ.আফ্রিকার জয় ৮ ম্যাচে। সুপার টুয়েলভের গ্রুপ-১ এ এই চার দলের সঙ্গী হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। যেখানে শ্রীলঙ্কা ছাড়া বাকি দলগুলো স্পিনে দুর্বল হওয়ায় বাড়তি সুবিধা পাবে টাইগাররা!
তবে সুপার টুয়েলভে উপমহাদেশীয় দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকবে গ্রুপ-২এর দিকে। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তানের সঙ্গে আছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। দুবাইয়ে রবিবার রাতে হবে উত্তাপ ছড়ানো ভারত-পাকিস্তান দ্বৈরথ।
তারিখ ম্যাচ ভেন্যু
২৪ অক্টোবর বাংলাদেশ-শ্রীলঙ্কা শারজা
২৭ অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ড আবুধাবি
২৯ অক্টোবর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ শারজা
২ নবেম্বর বাংলাদেশ-দ. আফ্রিকা আবুধাবি
৪ নবেম্বর বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুবাই
সব ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৪টায়