বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ডটকম : আর মাত্র দুই মাস বাকি। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। অক্টোবর-নবেম্বরে আরব আমিরাতে শুরু হচ্ছে আইসিসি টি২০ বিশ্বকাপের সপ্তম আসর। সহ-আয়োজক ওমান। গ্রুপিং আগেই নির্ধারিত হয়েছিল। এবার চূড়ান্ত হলো পূর্ণাঙ্গ সূচী।
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশকে প্রথম পর্ব পার হয়ে নাম লেখাতে হবে সুপার ১২-এ। যেখানে আগে থেকেই আছে সেরা আট দল।
প্রাথমিক রাউন্ডে বি-গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ওমানের মাস্কাটে। যেখানে ১৭ অক্টোবর উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ স্কটল্যান্ড। মূল পর্বে ওঠার লড়াইয়ে টাইগারদের গ্রুপে আরও আছে পাপুয়ানিউগিনি ও স্বাগতিক ওমান। অর্থাৎ বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ওমানের রাজধানী মাস্কাটে। মূল পর্বের টিকেট পেতে এ-গ্রুপে থাকা শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, হল্যান্ড ও নামিবিয়ার ম্যাচগুলো আবুধাবি ও শারজায়। ১৭ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৪টায় ওমান-পাপুয়া নিউগিনি প্রথম ম্যাচ। আর রাত ৮টায় বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
প্রথমপর্বে দুটি গ্রুপ রয়েছে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউগিনি আর স্কটল্যান্ড। ১৭ অক্টোবর মাসকটে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।
একদিন বিরতি দিয়ে ১৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে বি-গ্রুপে শেষ ম্যাচ খেলবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। দুই গ্রুপ থেকে দুটি দল উঠবে মূল পর্বে।
২৩ অক্টোবর দুপুরে আবুধাবিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা এবং রাতে দুবাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে শুরু হবে টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াই। প্রাথমিক পর্বে প্রত্যাশা অনুযায়ী বি-গ্রুপের সেরা হলে ২৫ অক্টোবর মূল পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ পড়বে আফগানিস্তানের বিপক্ষে, খেলাটি হবে শারজায়। আর গ্রুপের দ্বিতীয় দল হয়ে উঠলে আগের দিন ‘এ’ গ্রুপের সেরা দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
ওদিকে ২৪ অক্টোবর দুবাইয়ে বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠিত হবে বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ। ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই মানেই অন্যরকম রোমাঞ্চ। দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো না হওয়ায় দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হওয়া প্রায় বন্ধ। এই অবস্থায় চিরশত্রু দুই পরাশক্তির লড়াই দেখতে বিশ্বের অগণিত ভক্ত কেবল আইসিসির বৈষয়িক টুর্নামেন্টের দিকেই তাকিয়ে থাকেন।
করোনাকালে ২০২১ টি২০ বিশ্বকাপের আকর্ষণ বাড়িয়ে দিতেই হয়ত ভারত-পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। গ্রুপ-২এ আরও আছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। আর গ্রুপ-১এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ১৭ অক্টোবর শুরু হয়ে টি২০ ফরমেটে বিশ্ব শ্রেষ্ঠত্বের লড়াই চলবে ১৪ নবেম্বর পর্যন্ত। ওই দিন রাত আটটায় দুবাইয়ে শিরোপার জন্য লড়বে দুই ফাইনালিস্ট।
বাংলাদেশ ম্যাচের সূচি
১৭ অক্টোবর : বাংলাদেশ-স্কটল্যান্ড (বাংলাদেশ সময় রাত ৮টা)
১৯ অক্টোবর : বাংলাদেশ-ওমান (বাংলাদেশ সময় রাত ৮টা)
২১ অক্টোবর : বাংলাদেশ-পাপুয়া নিউগিনি (বাংলাদেশ সময় বিকেল ৪টা)