শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজটি ভারতের দেরাদুনে অনুষ্ঠিত হবে। এছাড়া ভারতের বিপক্ষে নিজেদের ঐতিহাসিক টি২০ খেলবে আফগানরা। আগামী জুনের এই দুই সিরিজকে সামনে রেখে আলাদা আলাদা দল ঘোষণা করেছে আফগানিস্তান।
বাংলাদেশ সিরিজের জন্য আফগান দলের নতুন মুখ দারউইশ রাসুলি। এছাড়া দলের ওপেনার নজীব তারাকাই দীর্ঘ ১৫ মাস পরে দলে ফিরেছেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজের নেতৃত্ব থাকবেন আসগর স্তানিকজাই। এছাড়া তাদের দলে আছেন ওপেনার মোহাম্মদ শাহজাদ ও উসমান গণী। অলরাউন্ডার মোহাম্মদ নবী, লেগ স্পিনার রশিদ খান এবং স্পিনার মুজিবুর রহমানরা দলে আছেন।
আগামী ৩ জুন দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে দু’দল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। এরপর ৫ জুন এবং ৭ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
এরপর আফগানরা ১৪ জুন একটি টেস্ট খেলবে ভারতের বিপক্ষে। ওই ম্যাচের জন্য পাঁচজন স্পিনার রেখে দল ঘোষণা করেছে আফগানিস্তান। অভিষেক টেস্টে আফগান দলের অধিনায়ক থাকবেন আসগর স্টানিকজাই। এছাড়া রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিবুর রহমানের পাশাপাশি টেস্টে ডাক পেয়েছেন চ্যায়নাম্যান স্পিনার জাহির খান। তিনি ইনজুরির কারণে এবারের আইপিএল দল রাজস্থানের হয়ে মাঠে নামতে পারেননি।
বাংলাদেশের বিপক্ষে আফগানদের টি২০ স্কোয়াড: আসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেট রক্ষক), নজীবুল্লাহ তারাকাই, সামিউল্লাহ শেনওয়ারী, মোহাম্মদ নবী, গুলাবদিন নাইব, শফিকউল্লাহ শাফাক, নজীবুল্লাহ জর্দান, দারউইশ রাসুলি, করীম জান্নাত, রশিদ খান, শারাফউদ্দীন আশরাফ, মুজিব উর রহমান, শাপুর জাদরান, আফতাব আলম।
ভারতের বিপক্ষে আফগানদের টেস্ট স্কোয়াড: আসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, জাভেদ আহমাদি, আহসানুল্লাহ, নাসির জামান, মুজিব উর রহমান, রহমত সাহা, হাসমাতুল্লাহ শাহেদী, আফসার জাজায়, মোহাম্মদ নবী, রশিদ খান, আমির হামজা, সাঈদ শারজাদ, ইয়ামিন আহমেদজাই, ওয়াফাডার, জাহির খান।
বিষয় : খেলা ক্রিকেট বাংলাদেশ-আফগানিস্তান ভারত