শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নিবার্চনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছে। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল একটি সহ-সম্পাদকসহ ৪টি পদে জয়লাভ করেছে।
সভাপতি পদে নীল প্যানেলের অ্যাডভোকেট জয়নুল আবেদীন ৫৪ ভোট বেশি পেয়ে আবারো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন সাদা প্যানেলের অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন।
সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ৪৪১ ভোট বেশি পেয়ে টানা ৬ষ্ঠ বারের মত বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের অ্যাডভোকেট এস কে মো: মোরসেদ।
এছাড়া বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল থেকে সহ-সভাপতি ড. মো: গোলাম রহমান ভুইয়া, এম গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহ-সম্পাদক কাজী জয়নুল আবেদীন, সদস্য পদে মাহফুজ বিন ইউসুফ, সাইফুর আলম মাহমুদ, মো: আহসান উল্লাহ ও মোহাম্মদ মেহদী হাসান বিজয়ী হয়েছেন।
অপরদিকে, সাদা প্যানেল থেকে সহ সম্পাদক পদে মোহাম্মদ আবদুর রাজ্জাক, সদস্য ব্যারিস্টার আশরাফুল হাদী, শাহানা ও শেখ মোহাম্মদ মাজু মিয়া জয়লাভ করেছেন।
এর আগে গত বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯ সেশনের দুই দিন ব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। মোট ছয় হাজার ১৫২ জন ভোটারের মধ্যে চার হাজার ৮৬৫ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়া সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিহুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপ-কমিটি নির্বাচন পরিচালনা করেন। নির্বাচন সংক্রান্ত কমিটিকে সহযোগিতা করার জন্য ৭০ জন আইনজীবীকে (পোলিং অফিসার) হিসেবে নিয়োগ দেয়া হয়। সূত্র: ডিবিসি, এনটিভি, ব্রেকিংনিউজ,