শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

ছাত্রলীগের প্যানেল চূড়ান্ত, ভিপি শোভন, জিএস রাব্বানী

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল চূড়ান্ত করা হয়েছে। ভিপি (সহ-সভাপতি) পদে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, জিএস (সাধারণ সম্পাদক) পদে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও এজিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে প্রার্থী করা হয়েছে।

শনিবার এক জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। আজ বিকাল ৪টায় ধানমন্ডির কার্যালয় থেকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।

এর আগে প্রার্থীতা নিয়ে কয়েক দফা বৈঠক হয় ডাকসু নিয়ে দায়িত্ব থাকা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সাথে। পরে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ডাকসু নির্বাচনে প্রার্থী চূরান্ত করা হয়।

ডাকসু নির্বাচন উপলক্ষে ছাত্রদল ডাকসু নির্বাচন পেছানোর দাবিসহ সাত দফা দাবিতে অনড় আছে। এদিকে হলের বাইরে ভোট কেন্দ্র করাসহ ৬ দফা দাবি দিয়ে আসছে প্রগতিশীল ছাত্রজোট।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ও সেদিনই মনোনয়ন বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ের পর ৩ মার্চ হলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে। আর ভোটগ্রহণ ১১ মার্চ (সোমবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com