শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
একুশের কণ্ঠ অনলাইন:: আন্দোলন আর সংগ্রামের সূতিকাগার ও দেশের বৃহত্তম প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন আজ শুক্রবার।
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ বিকেল তিনটায় দুই দিনব্যাপী ছাত্রলীগের এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছাত্রলীগের সম্মেলনকে সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলন স্থলকে নান্দনিকভাবে সাজানো হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব নির্ধারণে তিনটি বিষয় গুরুত্ব দেওয়া দরকার। বিষয়গুলো হলো নিয়মিত ছাত্র, পারিবারিক রাজনৈতিক পরিচয় ও নৈতিক স্খলন।
তিনি বলেন, এ তিনটি বিষয়কে বিবেচনায় রেখে নেতৃত্ব নির্ধারণ করলে ছাত্রলীগে অনুপ্রবেশের কোনো সুযোগ থাকবে না।