শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

খুলনায় ভোট ডাকাতি হলে জনগণ প্রতিহত করবে: মোশাররফ

একুশের কণ্ঠ অনলাইন:: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ‘ভোট ডাকাতি’ হলে জনগণই তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

১০ মে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়া মুক্তি পরিষদ ও গণতান্ত্রিক সাংস্কৃতিত জোটের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে এ সভার আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ বলেন, ‘ভোটের দিন বা আগের রাতে ক্ষমতাসীন দল ভোট কারচুপির পরিকল্পনা করছে। অবশ্য তাদের এই ষড়যন্ত্র খুলনার জনগণই প্রতিহত করবে ইনশাল্লাহ।’

তিনি বলেন, ‘ছলচাতুরি করার জন্য নির্বাচন কমিশনে গিয়ে আগেভাগে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে আওয়ামী লীগের নেতারা নাটক করছেন। এর একটাই উদ্দেশ্যে— ভোটের দিন ভোট ডাকাতি করতে চান তারা। এটা দেশের মানুষ জানে, খুলনার জনগণ জানে। তারা নির্বাচনে যেকোনো কারচুপি প্রতিহত করতে প্রস্তুত।’

খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে একাদশ সংসদ নির্বাচন হবে না— এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে রাখবেন আর দেশে একাদশ নির্বাচন হয়ে যাবে— এটা জনগণ হতে দেবে না। তার মুক্তির জন্য গণজাগরণ সৃষ্টি করা হবে। সময় আসছে, কোটা আন্দোলনের মতোই গণজাগরণ ও গণঅভ্যুত্থান সৃষ্টি হবে। সকলে প্রস্ততি নিন।’

বিভিন্ন দাবি উত্থাপন করে খন্দকার মোশাররফ বলেন, ‘একাদশ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করতে হবে এবং জনগণের যে ভোটের প্রতি অনাস্থা ও ভয়ভীতি রয়েছে, তা উত্তরণ ঘটাতে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।’

খালেদা জিয়া মুক্তি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com