শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

খালেদা জিয়া নির্বাচনের যোগ্যতা হারালে কিছু করার নেই:কাদের

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আদালতের রায়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ভাগ্য নির্ধারিত হবে। রায়ে তিনি যদি নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারান, সেক্ষেত্রে আওয়ামী লীগ বা সরকারের কিছুই করার নেই। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদীখানের ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, ‘আদালত যে রায় দিয়েছেন, তার সত্যায়িত অনুলিপি নিয়ে এতদিন তারা সন্দেহ করেছে। সেই কপি পাওয়ার পর এখন আবার নতুন নতুন কথা বলছে। রায়ের একটি অংশে বলা আছে, খালেদা জিয়ার অপরাধ রাষ্ট্রীয় অর্থনৈতিক অপরাধের শামিল। রাষ্ট্রীয় অর্থনৈতিক অপরাধ যিনি বা যারা করেন, আদালতের আদেশ অনুযায়ী তাদের ভাগ্য নির্ধারিত হবে। আদালতের রায়ে বা সিদ্ধান্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারিয়ে ফেলেন, সে অবস্থায় তাকে নির্বাচনে নিয়ে আসার কোনো সুযোগ নেই সরকারের।’

তিনি আরও বলেন, আদালতের আদেশেই সব কিছু হবে। বিএনপি এখন উচ্চ আদালতে আপিল করতে পারে। আর আপিলের পর আদালত যদি খালেদা জিয়াকে নির্বাচনের অনুমতি না দেন, তাহলে আওয়ামী লীগ বা সরকারের কী করার আছে। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে বিএনপির অপরাধী চরিত্রের মুখোশ উন্মোচন হওয়ায় এখন তাদের গাত্রদাহ শুরু হয়েছে। অথচ বিএনপির নেতৃত্বাধীন সরকার দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। তারা আবার যদি ক্ষমতায় আসতে পারে, তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা তুলে দিয়ে তারা আবারও দুর্নীতিপ্রবণ মানসিকতার মুখোশ উন্মোচন করবে। তাদের কর্মকাণ্ডে পরিস্কার হয়ে গেছে, আবার ক্ষমতায় যেতে পারলে তারা দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে। একজন সৎ নেতা কি বিএনপিতে নেই- দণ্ড ছাড়া? যাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা যেত। দুর্নীতিবাজ ব্যক্তি ও বিদেশে ফেরারি আসামিকে বিএনপির চেয়ারপারসন করার মধ্য দিয়ে এটাই প্রমাণ হলো, এ দল ক্ষমতায় গেলে আবারও দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করবে।

পরে তিনি বিআরটিএর অভিযানে মহাসড়কে চলাচলরত ছয়টি যানবাহনকে ট্রাফিক আইন না মানায় সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা করার কার্যক্রম প্রত্যক্ষ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিম সুজনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com