শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচী শুরু

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে।

তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে আজ শনিবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানী ঢাকার পাশাপাশি সারাদেশে একযোগে এ কর্মসূচি চলবে। গত বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আজকের এ গণস্বক্ষর কর্মসূচি চলবে দেশব্যাপী। দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বাক্ষর করতে পারবেন। বিএনপির এ কর্মসূচি ঘিরে আজ সকাল থেকেই নয়াপল্টন বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় রয়েছে পুলিশের সতর্ক অবস্থান। কর্মসূচির দ্বিতীয় দিনে রোববার সারাদেশের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। আর ২০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর ছাড়া দেশব্যাপী জেলা সদর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারর হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

এ ছাড়া রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশের জন্য অনুমতি চাওয়া হবে বলে জানানো হয়েছে। তবে সমাবেশের দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি। অন্যদিকে, আগামী ২১ ফেব্রুয়ারি শহীদ দিবসে বরাবরের মতো বিএনপি প্রভাতফেরিতে অংশ নেবে বলে জানান মির্জা ফখরুল।

গত ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় বিএনপি চেয়ারপারান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। এরপর থেকেই খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসেছে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com