শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী রোববার ঢাকায় এ কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার বিকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসনের আশু রোগ মুক্তি কামনায় এক মিলাদ মাহফিল থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এই গণঅনশন অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে। একই সঙ্গে নেত্রীর রোগ মুক্তি কামনায় আজ সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল করার কর্মসূচিও ঘোষণা করা হয়। খালেদা জিয়াকে সোমবার বিএসএমএমইউতে ভর্তি করা হয়।
মিলাদ মাহফিল-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে দলের অসুস্থ চেয়ারপারসনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা স্থায়ী কমিটির সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলাম এবং আমরা চেয়েছি তার ইচ্ছানুযায়ী একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হোক। কিন্তু সরকার আমাদের সেই কথায় কর্ণপাত করেনি। তাকে আবারও বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, দেশনেত্রী ঠিকমতো খেতে পারছেন না। তাকে কারাগারে সঠিক চিকিৎসা দেয়া হয়নি। এটা আজ প্রমাণিত হয়ে গেছে, তিনি অত্যন্ত অসুস্থ। মির্জা ফখরুল বলেন, এই মিলাদ মাহফিলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, সৃষ্টিকর্তা যেন দ্রুত উনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সিনিয়র নেতা সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আবদুল কুদ্দুস, কবীর মুরাদ, আবদুল কুদ্দুস, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, নজরুল ইসলাম মনজু, আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান বাবুল, আমিরুল ইসলাম খান আলিম, অনিন্দ্য ইসলাম অমিত, আবদুল আউয়াল খান, মীর হেলালউদ্দিন, আবু আশফাক খন্দকার, কাজী আবুল বাশার, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, শাহ নেছারুল হক, আবুল কালাম আজাদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিলাদে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।