শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

খালেদা জিয়ার জামিন শুনানি দুপুর ২টায়

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ রোববার দুপুর ২টায় শুরু হবে।

আবেদনটি উচ্চআদালতে আজকের কার্যতালিকায় রাখা হয়েছে। সেখানে দুপুর ২টায় সময় নির্ধারণ করা রয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার জামিন হবে কিনা তা জানতে আদালতের দিকে তাকিয়ে আছেন সবাই।

খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন, তারা আশাবাদী এ মামলায় জামিন হবে। দুদকের মামলায় ৫-১০ বছরের সাজা হলেও আসামির জামিনের নজির আছে। অন্য কোনো মামলায় যদি নতুন করে গ্রেফতার দেখানো না হয়, তবে জামিন পেলে খালেদা জিয়ার কারামুক্তিতে বাধা নেই বলেও জানান তার আইনজীবীরা।

এর আগে দায়ের করা চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। দুদকের আইনজীবীরা জানিয়েছেন, তারা খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করবেন। এর পরও জামিন হলে কমিশনের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। সেক্ষেত্রে তারা আদেশের বিরোধিতা করে চেম্বার জজ আদালতের দ্বারস্থও হতে পারেন।

খালেদা জিয়ার নামে অন্য কোনো মামলায় শোন অ্যারেস্ট আছে কিনা এ সংক্রান্ত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক শনিবার বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। এ বিষয়ে উনারা ভালো বলতে পারবেন। আমি শুধু বলব- আইন আইনের গতিতে চলবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে কাউকে কোনো সুযোগ-সুবিধা দেয়া হবে না।

জামিন শুনানির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্যানেল আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আমরা জামিন শুনানি করব। আশা করছি খালেদা জিয়া জামিন পাবেন। যে মামলায় সাজা দেয়া হয়েছে এর কোনো ভিত্তি নেই।

সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- খালেদা জিয়াকে অন্য কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখাবে না। আমরাও আশা করছি তাই। তিনি বলেন, দুদক যেহেতু সাজা বৃদ্ধির কোনো আবেদন করেনি, সেহেতু আমরা আশা করছি খালেদা জিয়ার জামিন হলে তারা (দুদক) আপিলে যাবে না।

তিনি বলেন, খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য। সাধারণত যে আসামি পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাদের জামিন দেয়া হয় না। কিন্তু এক্ষেত্রে সে সম্ভাবনা নেই। এ ছাড়া তার বয়স ও তিনি অসুস্থ এসব কারণেও তার জামিন হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, খালেদা জিয়ার নামে আগের আরও চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে। তবে খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন, তাদের কাছে নতুন কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানার খবর নেই। কারাগার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা বা শোন অ্যারেস্টের কপি তাদের হাতে পৌঁছায়নি।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ‘আদালত বড়পুকুরিয়া কয়লাখনি মামলায় একটি পরোয়ানা পাঠিয়েছেন। দুদকের পিপি মোশাররফ হোসেন কাজলের আবেদনের ভিত্তিতে আদালত পিডব্লিউ দিয়েছেন। আজ আমরা বিষয়টি কোর্টকে অবহিত করব। তবে এর জন্য ম্যাডামকে কোর্টে যেতে হবে না।’ তিনি বলেন, ‘জামিন পেলে জেল থেকে মুক্তি বিলম্ব করার কৌশল হিসেবে দুদকের পিপি একটি দরখাস্ত আদালতে দিয়েছেন।’

মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেন তার আইনজীবীরা। এর একদিন পর বৃহস্পতিবার তারা খালেদা জিয়ার জামিনের জন্য আলাদাভাবে আবেদন করেন। আদালত এদিন দুটি আবেদন গ্রহণ করে খালেদা জিয়ার অর্থদণ্ড স্থগিত করেন এবং রোববার জামিনের শুনানির দিন ধার্য করেন।

এ সময় আদালত বলেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। হাইকোর্ট ওইদিনই বিচারিক আদালতের নথি তলব করেন। আদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে রেকর্ড (নথি) পাঠানোর জন্য বিশেষ জজ আদালতের বিচারককে নির্দেশ দেন হাইকোর্ট।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শনিবার বলেন, ‘আমি সেদিনই (বৃহস্পতিবার) আদালতকে বলেছি- খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। জরিমানা স্থগিত করেছেন। বিচারিক আদালতের নথিও তলব করেছেন। কিন্তু আমরা ওইদিন (বৃহস্পতিবার) সকালেই নথিপত্র পেয়েছি। নথি পর্যালোচনার পর আমরা শুনানি করব। জামিন আবেদনের শুনানির জন্য এটি কার্যতালিকায় রাখার কথাও বলেছি। তিনি আরও বলেন, আজও (রোববার) আদালতে বলব নথি আসার পর শুনানি হোক।

৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির সবাইকে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এ অর্থদণ্ডের টাকা প্রত্যেককে সমান অঙ্কে প্রদান করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। রায়ের পর থেকে ১৮ দিন ধরে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে আছেন খালেদা জিয়া।

বিচারিক আদালতের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর বৃহস্পতিবার ৩২টি যুক্তি দেখিয়ে খালেদা জিয়ার জামিন আবেদন দেয়া হয়। এতে বলা হয়েছে, আবেদনকারীর বয়স ৭৩ বছর। তিনি শারীরিকভাবে বিভিন্ন জটিলতায় ভুগছেন। তিনি ৩০ বছর ধরে গেঁটে বাত, ২০ বছর ধরে ডায়াবেটিস, ১০ বছর ধরে উচ্চরক্তচাপ ও রক্তে আয়রন ঘাটতিতে ভুগছেন।

আবেদনে আরও বলা হয়, ১৯৯৭ সালে খালেদা জিয়ার বাঁ হাঁটু এবং ২০০২ সালে ডান হাঁটু প্রতিস্থাপন করা হয়েছে। এ কারণে তার গিঁটে ব্যথা হয়, যা প্রচণ্ড যন্ত্রণাদায়ক। এ কারণে তাকে হাঁটাহাঁটি না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শারীরিক এসব জটিলতার কারণ বিবেচনায় নিয়ে জামিন মঞ্জুরের আর্জি জানানো হয়।

অপর যুক্তিতে বলা হয়েছে, উপমহাদেশ ও দেশের উচ্চ আদালতের দীর্ঘ ঐতিহ্য অনুযায়ী, আসামি নারী হলে তার অনুকূলে জামিন বিবেচনা করা হয়। জামিনের আরেক যুক্তিতে বলা হয়, মামলার প্রথম অনুসন্ধানকারী কর্মকর্তা জামিন আবেদনকারীর বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ খুঁজে পাননি। তাছাড়া জামিন আবেদনকারী বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন। বিচারিক আদালত এ বিষয়টি উপেক্ষা করেছেন। যে মামলায় তাকে সাজা দেয়া হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তাকে হয়রানি করার জন্য। সূত্র : যুগান্তর

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com