শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। তিনি বলেন, তাকে যেভাবে সাজা দেওয়া হয়েছে, তা অন্যায় হয়েছে। ১০ দিনের মধ্যে এত বিশাল রায় লেখা একজন বিচারকের পক্ষে সম্ভব নয় বলেও তিনি মনে করেন।
জাতীয় প্রেস ক্লাবে ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণতান্ত্রিক ছাত্রদল আয়োজিত প্রতিবাদী ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। অলি বলেন, এক-এগারোর সেনাসমর্থিত সরকারের সময় শুধু খালেদা জিয়া নয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। তারা ক্ষমতায় এসে নিজেদের বিরুদ্ধে হওয়া মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় বাতিল করেছে। কিন্তু অন্যায়ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে হওয়া মামলাগুলো সচল রেখেছে। সংগঠনের সভাপতি মেহেদী হাসান মাহবুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় বক্তব্য দেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর আবদুল্লাহ, ভাইস চেয়ারম্যান ড. নিয়ামুল বশির, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।