শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

‘খালেদাকে মাইনাস করলে প্রধানমন্ত্রী নিজে মাইনাস হবেন’

একুশের কণ্ঠ অনলাইন:: এক এগারোর সরকার ঘোষণা দিয়ে ‘মাইনাস টু’ বাস্তবায়ন করতে চেয়েছিল। সেই কুশীলরা এখনো সক্রিয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যারা মাইনাস টু’র পরিকল্পনা করেছিল তারা এখন একজনকে দিয়ে আর একজনকে মাইনাস করতে চাচ্ছে।

অর্থাৎ তখন শেখ হাসিনা ও খালেদা জিয়াকে মাইনাস করতে চেয়েছিল। এখন তারাই শেখ হাসিনাকে দিয়ে খালেদা জিয়াকে মাইনাস করতে চায়। যদি একজনকে মাইনাস করতে পারে তাহলে আর একজনকেও তারা মাইনাস করে দেবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়া মুক্তি পরিষদ ও গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের যৌথ উদ্যোগে ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে’ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, শেখ হাসিনার মাধ্যমে যারা খালেদা জিয়াকে মাইনাস করাতে চায় তারা যদি খালেদা জিয়াকে মাইনাস করাতে পারে তার কয়েকদিনের মধ্যে শেখ হাসিনাকেও মাইনাস করবে।

শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, এই ষড়যন্ত্র থেকে আপনি পিছু হটেন। সরে আসেন, না হলে মাইনাস টু এর যে পরিকল্পনা ছিল তা বাস্তবায়ন হয়ে যাবে। আপনি খালেদা জিয়াকে মাইনাস করবেন তা ভুলেও চিন্তা করবেন না। বাংলাদেশ প্রতিদিন

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com