রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে ফের বিক্ষোভ

শিক্ষাঙ্গণ ও সাহিত্য ডেস্ক:: আন্দোলনকারীদের ওপর হামলা ও কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে ফের বি‌ক্ষোভ শুরু হ‌য়েছে। ১৩ মে রবিবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ শুরু হয়। বেলা ১টা পর্যন্ত তারা দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালন করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়। এসময় তারা বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে। এগুলো হলো- ‘আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন, ‘প্রজ্ঞাপনে তালবাহানা, চলবে না চলবে না, ‘দাবি মোদের একটাই, প্রজ্ঞাপন প্রজ্ঞাপন, ‘আমার ভায়ের রক্ত, বৃথা যেতে দিব না, ‘লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে, ইত্যাদি।

বিক্ষোভের শুরুতে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেন, সারা বাংলার ছাত্র সমাজ আজ একতাবদ্ধ। তারা তাদের অধিকার নিয়ে রাজপথে। ছাত্র সমাজ কখনও ব্যর্থ হতে পারে না। প্রজ্ঞাপন না নিয়ে তারা ঘরে ফিরবে না।

এর আগে গত ৯ মে বুধবার দুপুরে একই দাবিতে টিএসসিতে মানববন্ধন কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। এ সময় বৃহস্পতিবারের মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন না হলে আজ রবিবার থেকে প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com