শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

কুমিল্লায় হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক::

কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে নৈশকোচে পেট্রোল বোমা মেরে আট জনকে পুড়িয়ে হত্যা মামলায় বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। খবর : বাংলা ট্রিবিউন।

সোমবার (৪ ফেব্রুয়ারি) কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিচারক মো. আলী আকবর খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করে চার্জ গঠনের জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু। তিনি বলেন, ‘কথিত আটজন হত্যা মামলায় খালেদা জিয়া ন্যায়বিচার পাননি। আমরা জামিনের জন্য উচ্চ আদালতে আপিল করবো।’

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com