শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজকে হেসে খেলে হারালো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার:: মহামারি করোনাভাইরাসের কারনে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দারুণ এক জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ। প্রথম একদিনের ম্যাচে অতিথি ওয়েস্ট ইন্ডিজকে বলতে গেলে হেসে খেলেই ৬ উইকেটের ব্যবধানে হারালো। এই জয়ে টাইগাররা এগিয়ে গেল ১-০ তে।

শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তামিম ইকবালদের হাতে। বোলিংয়ের পর ব্যাটিংয়েও আধিপত্য বিস্তার করে গেছে টাইগাররা। সাকিবের কিপ্টেমি বোলিংয়ের পর তামিম দেখিয়েছেন অধিনায়কোচিত ব্যাটিং দৃঢ়তা। তাইতো স্বাগতিকরা জয় ছিনিয়ে নিয়েছে ৩৩.৫ ওভারেই। ৯৭ বল হাতে রেখেই লক্ষ্য টপকে ১২৫ রান তুলে ফেলে বাংলাদেশ।

টাইগারদের হয়ে হাফ-সেঞ্চুরি প্রায় ছুঁয়েই ফেলে ছিলেন ক্যাপ্টেন তামিম (৪৪ রান)। ছয় রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন এ তারকা ওপেনার।
ক্যারিবীয়দের হয়ে তিন উইকেট নেন আকিল হোসেইন। তার আগে টস জিতে মিরপুরে দুর্দান্ত বোলিং করেছেন টাইগাররা। সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে অল্পতেই আটকে দেয় তারা। জয়ের জন্য তামিম ইকবালদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২৩ রান।

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় সাড়ে ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দুরন্ত বোলিং করেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার ৮ রানের খরচায় শিকার করেছেন চার উইকেট। ব্যাট হাতে অবশ্য সেভাবে জ্বলে উঠতে পারেননি। সংগ্রহ করেন ১৯ রান। তবে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তারই হাতে।

সাকিবের সঙ্গে বোলিংয়ে দাপট দেখিয়েছেন হাসান মাহমুদ। ৩ উইকেট শিকার করে নিজের অভিষেক ম্যাচটা রাঙিয়েছেন এ তরুণ বোলার। তাদের সঙ্গে মুস্তাফিজুর রহমান নেন দুই উইকেট। সাকিব-মাহমুদ-মুস্তাফিজ ত্রয়ীর বোলিং তোপে উইন্ডিজ ৩২.২ ওভারে গুটিয়ে যায় ১২২ রানে। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০ রান করেন অভিষিক্ত কাইল মেয়ার্স। তাকে সঙ্গ দেওয়া রোভম্যান পাওয়েল ফেরেন ২৮ রান নিয়ে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com