শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

ওবায়দুল কাদের আইসিইউ থেকে কেবিনে

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::

ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অনেকটাই সেরে উঠেছেন।

বুধবার সকালে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরে চিকিৎসার সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী আজ সকালে এ তথ্য জানান।তার বরাত দিয়ে এ তথ্য জানান ওবায়দুল কাদেরের সঙ্গে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অবস্থানরত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের।

তিনি জানান, সেতুমন্ত্রীর শারিরীক অবস্থা ভালো। তাকে আজ সকাল থেকে নরম খাবার দেয়া হচ্ছে।
আগামী সপ্তাহে সুবিধাজনক সময়ে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারীর প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকগণ।

তিনি জানান, বুধবার সকালে মেডিকেল বোর্ডের সদস্য কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান।

এ সময় উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান।

এর আগে দুদফা বলা হয়েছিল ওবায়দুল কাদেরকে কেবিনে নেয়া হতে পারে। কিন্তু তাকে নেয়া হয়নি। অবশেষে আজ তাকে কেবিনে স্থানান্তর করা হল।

মঙ্গলবার আবু নাসের জানিয়েছিল আজ তাকে কেবিনে নেয়া হতে পারে। তিনি আরও জানান, সেতুমন্ত্রী ওঠে দাঁড়াতে পারছেন। চিকিৎসকদের সঙ্গে নিজের সমস্যার কথা বলতে পারছেন। মঙ্গলবার পরিবারের সদস্য ও সিঙ্গাপুরে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা তাকে দেখতে গেল তিনি তাদের সঙ্গে কুশলবিনিময় করেন। একটু হেঁটেছেনও।

এর আগে সোমবার ওবায়দুল কাদেরের মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলে অধ্যাপক ডা. আবু নাসার রিজভী জানান, ওবায়দুল কাদের হাঁটতে পারছেন। স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় তাকে মঙ্গলবার সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হতে পারে। তবে মঙ্গলবার তাকে কেবিনে দেয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com