শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

ওবায়দুল কাদেরের শরীরে ইনফেকশন ও কিডনি সমস্যা পাওয়া গেছে: বিপ্লব বড়ুয়া

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সেতুমন্ত্রী চিকিৎসা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শুরু হয়েছে। সোমবার (৪ মার্চ) হাসপাতালে পৌঁছানোর পরপরই সেখানকার চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। খবর : বাংলানিউজ।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে বিপ্লব বড়ুয়া জানান, হাসপাতালে নেওয়ার পরপরই ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেছেন সেখানকার চিকিৎসকরা। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার (ওবায়দুল কাদের) শরীরে কিছু ইনফেকশন ও কিডনির সমস্যা পাওয়া গেছে। তবে ডায়ালাইসিসের প্রয়োজন নেই।

পরীক্ষা-নিরীক্ষাগুলোর প্রতিবেদন দুপুরের পর পাওয়া যাবে জানিয়ে চিকিৎসকের বরাতে বিপ্লব বড়ুয়া বলেন, প্রতিবেদন পাওয়ার পর ওবায়দুল কাদেরের পরবর্তী চিকিৎসা শুরু হবে। তবে তার অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো বলেও জানান তিনি।

এদিকে, সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দূতাবাসের সঙ্গে তার চিকিৎসার বিষয়ে প্রতি মুহূর্তে খোঁজ-খবর নিচ্ছেন।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলোজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও প্রিন্সিপাল ডক্টর ফিলিপ কোহ’র তত্ত্বাবধানে (আইসিইউ ৩০০৮) ওবায়দুল কাদেরের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়। সোমবার (৪ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিট নাগাদ তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর পৌঁছায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com