বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার॥ ঠান্ডা বাতাসের দাপট আর মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। আর এই শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষদের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের আন্ধার কোটা গ্রামে ‘এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনে’র উদ্যোগে চার শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদের এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশন ও একুশের কণ্ঠ পত্রিকার উদ্যোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব মো. নূরে আলম জিতু সরদারের নিজস্ব অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়।

জিতু সরদার তার সামাজিক কাজকর্মের জন্য তিনি সমাজের বিভিন্ন মহল থেকে প্রশংসা পেয়েছেন। অত্র এলাকায় তিনি একজন সত্যিকারের সমাজসেবক হিসেবে পরিচিত। প্রতি বছর শীতের সময় অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা ছাড়াও তিনি প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার উপলক্ষে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি ও শিক্ষা উপকরণও বিতরণ করেন এই শিক্ষানুরাগী ব্যক্তি।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক আজহারুল হক বলেন, মানবসেবার ব্রত নিয়ে এ সংগঠনটির পথচলা প্রায় দেড় ১ যুগেরও বেশি। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মানবসেবায় কাজ করে আসছে। সেই মানবিক দৃষ্টিকোণ থেকে এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশন ও একুশের কণ্ঠ পত্রিকার উদ্যোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব মো. নূরে আলম জিতু সরদারের পক্ষে আমরা আপনাদের মাঝে কম্বল বিতরণ করতে এসেছি।
একুশের কণ্ঠ পত্রিকার সম্পাদক মো. আলম হোসেন বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। ‘এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশন’, ‘একুশের কণ্ঠ’ পত্রিকা ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব মো. নূরে আলম জিতু সরদার এসব কাজে তাদের পাশে আছেন বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশন নির্বাহী পরিচালক ইকবাল হোসেন, একুশের কণ্ঠ পত্রিকার ব্যুরো চিফ আবুল হাশেম ফকির, সাংবাদিক তানজিম আহাদ ও স্থানীয় সুধীজনরা এ সময় উপস্থিত ছিলেন। তারা সকলেই দেশের বিত্তবান মানুষকে শীতার্ত মানুষের পাশে থাকার আহবান জানান।