শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কাল

নিজস্ব প্রতিবেদক::

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল বুধবার। দুপুর ১টায় শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে নিজ কলেজ ও মাদ্রাসা থেকে ফল জানতে পারবে। এছাড়া এসএমএস ও অনলাইনে ফল জানা যাবে। দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে ফল প্রকাশের ঘোষণা দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তবে এর আগে বুধবার সকাল ১০টায় প্রথমে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেয়া হবে। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এদিকে নিজস্ব প্রতিষ্ঠান থেকে রেজাল্ট শিট ডাউনলোডের প্রক্রিয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জানিয়েছে ঢাকা বোর্ড। বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) ‘রেজাল্ট’ কর্নারে ক্লিক করে ইআইআইএন নম্বর এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এছাড়া দুপুর ১টায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.bmeb.gov.bd) প্রবেশ করে আলিম পরীক্ষার জেলা ও প্রতিষ্ঠান ভিত্তিক ফল পাওয়া যাবে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৮ হাজার ৫০৫ জন। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন।

মাদ্রাসার আলিমে ৮৮ হাজার ৪৫১ জন এবং কারিগরিতে এইচএসসি (বিএম) পরীক্ষার্থী ১ লাখ ২৪ হাজার ২৬৪ জন। গত ১ এপ্রিল ’১৯ তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১ মে। ১২ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২১ মে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com