শনিবার, ২০ Jun ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

আ.লীগ নেতা আতিক উল্ল্যাহ হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদকঃ ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা আতিক উল্ল্যাহ চৌধুরী হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মৃত‌্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গুলজার হোসেন, আশিক, শিহাব আহম্মেদ ওরফে শিবু, আহসানুল কবির ইমন, তাজুল ইসলাম তানু, জাহাঙ্গীর খাঁ ওরফে জাহাঙ্গীর এবং রফিকুল ইসলাম ওরফে আমিন ওরফে টুন্ডা আমিন। এছাড়া খা‌লাসপ্রাপ্ত আসামি হলেন শম্পা।

এর আগে গত ১০ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।মামলার অভিযোগ থেকে জানা যায়, মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আতিক উল্ল্যাহ চৌধুরী ২০১৩ সালের ১০ ডিসেম্বর নিখোঁজ হন। পরদিন ১১ ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার একটি হাসপাতালের পাশ থেকে তার আগুনে পোড়া বিকৃত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার সঙ্গে থাকা কাগজ ও এটিএম কার্ড দেখে মরদেহ শনাক্ত করেন নিহত আতিক উল্ল্যাহর ছেলে সাইদুর রহমান ফারুক চৌধুরী।

ওই ঘটনায় তার ছেলে কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যার মামলা দায়ের করা করেন। মামলাটির তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ জানুয়ারি ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ওই বছরের ২ জুলাই চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলাটি চলাকালীন বিভিন্ন সময়ের আসামি আসিফ ও শম্পা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com