বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

আ.লীগসহ ১৩ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির জন্য আ.লীগসহ ১৩ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু হয়েছে। বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে ইসির মতবিনিময় সভা।

শনিবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে রয়েছে আলোচিত তৃণমূল বিএনপি এনডিএম ও গণফোরামের একাংশ। সকাল ১০ টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে।

আওয়ামী লীগ ছাড়াও বৈঠকে অংশ নিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), ইসলামী ঐক্য জোটের একাংশ, গণফ্রন্ট, ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, ন্যাশনালিস্ট আওয়ামী পার্টি, মুসলিম লীগের একাংশ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও গণফোরামের প্রতিনিধি দল।

তবে এলডিপি বিজেপি, কমিউনিস্ট পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, গণতন্ত্রী পার্টি, মুসলিম লীগ বিএমএল, বাংলাদেশ মুসলিম লীগ, কল্যাণ পার্টি, খেলাফত মজলিস ইসির আমন্ত্রণে যোগ দেয়নি।

বাকি ১৩ দলের প্রতিনিধি নির্বাচন কমিশনে ২ জন করে মতবিনিময় সভায় অংশ নেয়।

নির্বাচনের প্রস্তুতির জন্য রাজনৈতিক দলগুলোর মতামত জানার জন্য আওয়ামী লীগ ও বিএনপিসহ ৪৪টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে ইসি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ওই সভায় সভাপতিত্ব করবেন এবং নির্বাচন কমিশনাররা ওই সভায় উপস্থিত রয়েছেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আজকে বৈঠকের জন্য ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগসহ ২২টি দলকে সকালে এবং বিএনপিসহ ২২টি দলকে বিকেলে আলোচনায় বসার জন্য চিঠি দেওয়া হয়েছে। এক্ষেত্রে আওয়ামী লীগকে সময় দেওয়া হয়েছে সকাল সাড়ে ১০টায়, আর বিএনপিকে সময় দেওয়া হয়েছে বিকেল ৩টায়।

এদিকে ইসি সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে সকল কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে ভোটগ্রহণ জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সেখানে দেখা যায়, দেশে বর্তমান মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ইসির দেওয়া তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার ৮৫২। আসন্ন দ্বাদশ নির্বাচনে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com