শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

আয়কর রিটার্ন দাখিলে সময় বাড়ছে না

অর্থনৈতিক প্রতিবেদক::

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আবু হেনা মো. রহমাতুল মুনিম। তবে আবেদন করে সময় নিতে পারবেন করদাতারা। এক্ষেত্রে যে জরিমানা হবে তা আরোপ করার ক্ষেত্রে কর কমিশনারদের নমনীয় হওয়ার পরামর্শ দিয়েছে এনবিআর।

আজ রোববার (২৯ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেছেন। এক্ষেত্রে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।

চলতি কর বছরের ২৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে ১৩ লাখ ২০ হাজার ৮২৫টি রিটার্ন দাখিল হয়েছে। এতে দুই হাজার ৩৮৭ কোটি টাকার কর জমা পড়েছে। যা ১৯৩ কোটি টাকা কম। তবে এ বছর মোট রিটার্ন দাখিল হয়েছে বেশি। গত বছরের ২৬ নভেম্বব পর্যন্ত ১২ লাখ ৫৭ হাজার ৬২৬টি রিটার্ন দাখিল করেছিলেন করদাতারা। গত জুন শেষে দেশে টিআইএনধারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৭২ হাজার ৫৬৭ জন।

এনবিআর চেয়ারম্যান বলেন, করোনাভাইরাস এখন আর নতুন কিছু নয়। প্রায় এক বছর ধরে আছে। ফলে এই অজুহাতে সময় বাড়ানোর যুক্তি নেই। তবে আবেদন করা সময়ে করদাতাদের থেকে জরিমানা আদায়ে কর কমিশনারদের নমনীয় হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com