বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: আসন বণ্টন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে কথা হয়নি তবে নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচনের পরিবেশ নিয়ে বৈঠক হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, অ্যাড. রেজাউল ইসলাম ভুঁইয়া, শফিকুল ইসলাম সেন্টু।
জাপা মহাসচিব বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু আমাদের পার্টির চেয়ারম্যান এবং আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আমরা ৬ ডিসেম্বর বৈঠকে বসেছিলাম। কৌশলগত কারণে স্থান ও সময় গোপন রাখা হয়।
তিনি বলেন, ওই বৈঠকে কথা হয়েছে নির্বাচন নিয়ে। ভোটার উপস্থিতির বিষয়ে কথা হয়েছে, খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা, তাদের স্বতঃস্ফূর্ততা ছিল। তারাও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তরিক বলে মনে হয়েছে। বিগত নির্বাচনগুলোতে আমাদের অভিজ্ঞতা সুখকর নয়, এখনও শঙ্কা আছে। সুষ্ঠু ভোট হলে একানব্বই সালের মতো নিরব বিপ্লব হতে পারে। তাদের আশ্বাসে আমরা আশ্বস্ত। আমরা মনে করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে শান্তিপূর্ণ নির্বাচন হবে।
এক প্রশ্নের জবাবে বলেন, রাজনীতিতে চূড়ান্ত সিদ্ধান্ত হয় না। প্রত্যেকটা দলের কৌশল থাকে, আমরা আমাদের কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছি। গতকাল আলোচনায় বিশ্বাস এসেছে।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সমঝোতার বৈঠক নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বৈঠকের স্থান, সময় ও বিষয়বস্তু নিয়ে দুই পক্ষ থেকেই কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। গুঞ্জন ছড়েছে একাধিক বৈঠকের বিষয়ে। একাধিক সূত্র দাবি করেছে ৫ ডিসেম্বর গণভবনে শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। আর ৬ নভেম্বর গুলশানে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্যের বাসায় সিনিয়র নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
নানা নাটকীয়তার মধ্যদিয়ে নির্বাচনে আসা জাতীয় পার্টি ২৯৪ আসনে দলীয় মনোনয়ন দেন। দলীয় টিকেট পেলেও ৬ জন প্রার্থী শেষ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেননি। ২৭২ আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে, কয়েকটি আসনে আপীল রয়েছে। এরশাদের ছেলে সাদ এরশাদের আসন নিয়ে টান দেওয়া এবং অনুসারীদের মনোনয়ন নিশ্চিত না হওয়ায় ২৯ নভেম্বর নির্বাচন থেকে সরে দাঁড়ান রওশন এরশাদ।
জাতীয় পার্টির পক্ষ থেকে এককভাবে ৩০০ আসনে নির্বাচন করার কথা বলে আসছে। তবে ভেতরে ভেতরে আসন সমঝোতার চেষ্টা চলছে বলে অনেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন।