বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
দোহার (ঢাকা) প্রতিনিধি : ‘আজ আমি আপনাদের সাথে দেখা করতে এবং পুনরায় নৌকা মার্কায় ভোট চাইতে এসেছি। আপনারা ২০১৮ সালে আমাকে নৌকা মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। এবারও আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।’ – বুধবার ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জনসভায় ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকার দোহার উপজেলার সকলের দাবি পদ্মাপাড় রক্ষায় একটি আধুনিক বাঁধ নির্মাণ। এ ব্যাপারে আমরা সকলের আশা পূরণ করতে পেরেছি। পদ্মা রক্ষা বাঁধ নিয়ে উচ্চ পর্যায়ে জরিপ চলছে। জরিপের রিপোর্ট অনুযায়ী আরও উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।
তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের দেশে অনেকের টিভি, এসি, ফ্রিজ কেনার সামর্থ ছিলো না এবং আমরা ক্রয়ও করেনি। কারণ সে সময়ে বিদ্যুতের অনেক সমস্যা ছিলো। আজ এখন সবার ঘরে ঘরে টিভি, ফ্রিজ সহ আরোও অনেক কিছুই রয়েছে। এর কারণ হলো বিদ্যুৎখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।
তিনি আরও বলেন, আগে আমাদের বিদ্যুতের অনেক সমস্যা ছিলো দিনে ৭-৮ ঘন্টাও বিদ্যুৎ থাকতো না। এখন একঘন্টার জন্য বিদ্যুৎ গেলে আমরা চিল্লা-চিল্লি করি। আসলে আমাদের একটা চরিত্র আছে আমরা সমস্যা সমাধান হয়ে গেলে উন্নয়নের কথা ভুলে যাই।
তিনি বলেন, আমি মার্কিনদের সাথে কথা বলেছি। তারা চায় নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। বিএনপি নির্বাচনে আসলো কি আসলো না এটা তাদের বিষয় না। আমি তাদের জানিয়ে দিয়েছি আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাও সুষ্ঠু, নিরপেক্ষ এবং জনগণের অংশগ্রহণমূলক একটি নির্বাচন চায়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।বিলাশপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. নুরুল হক বেপারী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, যুব মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনার কলি পুতুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী ও ভাইস চেয়ারম্যান মো. সুজাহার বেপারী প্রমুখ।