শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

আদালতের বিষয় রাজনীতিতে আনছে বিএনপি: ওবায়দুল কাদের

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে বিএনপির নেতারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। ১৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমীন ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান।

ওবায়দুল কাদের বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছে। আদালতের বিষয় মাঠে এনে বিএনপির নেতারা মিথ্যাচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচার বিভাগকে নিয়ে যে সব অভিযোগ করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। যার প্রমাণ ফেনীর একরাম হত্যা মামলার রায়।

তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন বলেই ওই মামলায় আদালত এমন রায় দিয়েছে। তাই আপনারা আদালতের রায়ের বিরুদ্ধে অহেতুক ভিত্তিহীন অভিযোগ করে দেশের রাজনৈতিক পরিবেশকে খারাপ করবেন না। আওয়ামী লীগ কখনো বন্দুকের নলের সাহায্যে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশের জনগণ। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়েই ক্ষমতায় আসতে চায়।

দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা মানুষের কাছে গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরুন ও তাদের পাশে দাঁড়ান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com