বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

আত্মবিশ্বাসী নেইমার শেষ হাসি হাসতে চান

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : লিওলেন মেসি ও নেইমারের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। বার্সেলোনাতে তিন বছর এই দুই মহাতারকা একসঙ্গে খেলেছেন। দু’টি লা লীগার পাশাপাশি একটি চ্যাম্পিয়ন্স লীগও জিতেছেন কাঁধে কাঁধ মিলিয়ে।

এরপর ২০১৭ সালে ন্যু ক্যাম্প ছেড়ে নেইমার পিএসজিতে ঠিকানা বদল করলেও, তাঁদের বন্ধুত্ব এতটুকু কমেনি। তবে কোপা আমেরিকায় সেরা ফুটবলার হওয়ার দৌড়ে তাঁদের টক্করটা দারুণ জমে উঠেছে। আর সেটা বেশ উপভোগই করছেন ব্রাজিলিয়ান তারকা। খেতাবি লড়াইয়ে লিওলেন মেসির সঙ্গে দেখা হলে ব্যাপারটা আরও রোমাঞ্চকর হয়ে উঠবে বলে জানিয়েছেন তিনি। নেইমারের কথায়, ‘ফাইনালের প্রতিদ্বন্দ্বী হিসেবে আর্জেন্তিনাই আমার প্রথম পছন্দ। ওই দলে আমার অনেক বন্ধু রয়েছে। ওদেরকে হারিয়ে ট্রফি জিততে পারলে আনন্দটা দ্বিগুণ বেড়ে যাবে। তাছাড়া আমার ধারণা, কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্তিনা লড়াই দেখার স্বপ্নে বিভোর তামাম ফুটবল বিশ্বও।’

মঙ্গলবারের সেমিফাইনালে নিজে গোল না পেলেও নেইমারের সৃজনশীল ফুটবলের সৌজন্যেই পেরুর বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তুলনামূলক কঠিন প্রতিপক্ষকে এড়াতে পারলে ব্রাজিলের পক্ষেই স্বস্তির। তবে নেইমারের দৃষ্টিভঙ্গী যে আলাদা! তিনি ফাইনালে খেলবেন, আর বন্ধু মেসি সেই ম্যাচে উল্টোদিকে থাকবেন না, সেটা যেন ভাবতেই পারছেন না পিএসজি তারকা। এমনিতে চলতি টুর্নামেন্টে দুরন্ত ছন্দে রয়েছেন নেইমার।

পেরুর বিরুদ্ধে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। টুর্নামেন্টে তাঁর গোলসংখ্যা আপাতত দুই। আর অ্যাসিস্ট করেছেন তিনটি। তিনি বলেন, ‘দল দারুণ খেলছে। কঠিন সময়ে কেউ না কেউ গোল করে জয় এনে দিচ্ছে। এদিন যেমন পাকুয়েতা গুরুত্বপূর্ণ গোলটি করল। আশা করি, ফাইনালেও এই ছন্দ বজায় রেখে আমরা শেষ হাসি হাসব।’
পাশাপাশি তাঁর একসময়ের সতীর্থ লিওলেন মেসিও কোপাতে অনবদ্য ছন্দে রয়েছেন। নিজে চারবার লক্ষ্যভেদের পাশাপাশি চারটি গোলও করিয়েছেন। মেসি ও নেইমার ঝঙ্কারে কোপা এবার বেশ জমে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com