শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে জিতে এগিয়ে আছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মাশরাফি-সাকিবরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় ম্যাচটি শুরু হবে। তৃতীয় ম্যাচের অপেক্ষায় না থেকে সিরিজটা আগেভাগেই জিতে নিতে চায় তারা। তাই আজই সিরিজ নিশ্চিত করতে চাচ্ছে বাংলাদেশ। এমনটাই জানালেন টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান।

তিনি বলেন, ‘আমরা যখন খেলতে নামি, অবশ্যই চাই প্রতিটি ম্যাচই জিততে। আজ (বুধবার) আরো বেশি চেষ্টা করতে হবে, কারণ আমি নিশ্চিত যে ওয়েস্ট ইন্ডিজ ভালোভাবে ঘুরে দাঁড়াতে চেষ্টা করবে। আজ জিতে থাকতে পারলে সেন্ট কিটস নিয়ে আর টেনশনে থাকতে হবে না।’

সাকিব আরো বলেন, ‘অবশ্যই চাইব যেন শেষ ম্যাচও জিততে পারি। তবে আজকের ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ। সেন্ট কিটসেও এমনিতে খুব পার্থক্য হবে না। কিন্তু ওদের সুবিধা বেশি থাকবে। ভালো ব্যাটিং উইকেট হবে। রান ওখানে বেশি হবে, মাঠ ছোট। আমাদের চেষ্টা থাকবে যেন এখানেই যতটা সম্ভব ভালো করতে পারি।’

তিনি আরো বলেন, ‘আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজে গায়ানার উইকেটিই কেবল স্পিন সহায়ক। স্পিন সহায়ক না হলেও যেটা হয় তা বাংলাদেশের মতোই। এখানকার ঘাস, মাটিও দেখতে বাংলাদেশের মতোই। এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক দিক। এখানে দুটি ম্যাচ খেলেছি, দুটিতেই ফল আমাদের পক্ষে এসেছে। কালকে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আমরা সেটি নিয়েই চিন্তা করছি।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com