বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আমুকে ইসিতে তলব

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৫ ডিসেম্বরের মধ্যে তাকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসির চিঠিতে বলা হয়, “ঝালকাঠি জেলা পাকহানাদার মুক্তি দিবস” উদযাপন উপলক্ষে নলছিটি উপজেলা পরিষদ হলরুমে গত ৮ ডিসেম্বর সকালে এবং ঝালকাঠি পৌরসভাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিকালে নির্ধারিত সভায় আপনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন। নির্বাচনে আপনি একজন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। অধিক সংখ্যক মানুষের উপস্থিতিতে আলোচনা সভা হলে তা জনসভায় পরিণত হতে পারে এবং ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর লঙ্ঘন হতে পারে। আচরণবিধি লঙ্ঘন না হলেও এ ধরনের জনসমাগম গণমাধ্যমের নিকট বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। জনসভায় বক্তৃতা দিয়েছেন এবং আপনার পক্ষে ভোট চেয়েছেন, যার ভিডিও এবং স্থিতচিত্র বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। উল্লিখিত কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর পরিপন্থী।

আচরণ বিধিমালার বর্ণিত বিধান লংঘনের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১ঙ অনুযায়ী প্রার্থীর প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে।”

চিঠিতে আরও বলা হয়, ‘নির্বাচনি প্রচারণাসহ আচরণবিধি পরিপন্থী কার্যক্রমের জন্য কেন আপনার প্রার্থিতা বাতিল করা হবে না সে বিষয়ে আগামী ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশন ভবনে বিকাল ৩টায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে উল্লিখিত বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছিলেন আমির হোসেন আমু। এরপর যে কটি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, সব কটিতেই দলের মনোনয়ন পেয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন প্রবীণ এই রাজনীতিক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com