বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : হারারেতে জিম্বাবুইয়ের বিরুদ্ধে টেস্ট খেলেছে বাংলাদেশ। ঢাকা প্রিমিয়ার লিগে তামিম ইকবাল এবং মুস্তাফিজুর রহমান চোট পাওয়ায় শেষ মুহূর্তে দলে ডাকা হয়েছিল মাহমুদুল্লাকে। ১৮ মাস পরে টেস্ট দলে ফিরেছিলেন তিনি।
এটা তাঁর ৫০তম টেস্ট। সেটাকে স্মরণীয় করে রেখেছিলেন প্রথম ইনিংসে অপরাজিত ১৫০ রান করে।
ব্যর্থতায় নিমজ্জিত বাংলাদেশে অবশেষে হারারে টেস্টে পেয়েছে স্বস্তির এক জয়। তবে হঠাৎই টেস্ট থেকে অবসর নিয়ে আলোচনায় মাহমুদুল্লাহ রিয়াদ। তিন ফরমেটে খেলবেন এমন প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রীয় চুক্তিতে থাকা অভিজ্ঞ এ ক্রিকেটার প্রায় ১৭ মাস পর সাদা পোশাকে ফিরেই নিয়েছেন বিদায়ের সিদ্ধান্ত। অপরাজিত ১৫০ রানের ক্যারিয়ারসেরা ইনিংসে হয়েছেন ম্যাচসেরা। তবে টেস্ট থেকে অবসর প্রসঙ্গে একটি কথাও বলেননি তিনি, ‘সবসময় একজন টিমম্যান হয়ে দলের জন্য অবদান রাখতে পছন্দ করি।
আমরা ম্যাচটা জিতেছি এবং প্রত্যেকের মুখে হাসি দেখে ভাল লাগছে। লিটন দারুণ ব্যাটিং করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত সেঞ্চুরিটা (প্রথম ইনিংসে ৯৫) মিস করেছে। আমার ও তাসকিনের (৭৫) জুটিটা ভাল ছিল। আমরা উইকেটে দারুণ সময় কাটিয়েছি। যদিও একটা সময় ও কিছুটা হতাশ হয়ে গিয়েছিল। তবুও আমরা জুটি (নবম উইকেটে ১৯১ রানের) বেঁধে দলকে ভাল অবস্থানে নিয়ে গিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটে সবসময়ই চ্যালেঞ্জ থাকে। নিজের বেসিকগুলো ঠিক রেখে স্বাভাবিক থাকার চেষ্টা করেছি।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা মাহমুদুল্লাহর কাছ থেকে কোন বিবৃতি না এলেও টেস্টের শেষদিন মাঠে প্রবেশের সময় সতীর্থদের কাছ থেকে বিদায়ী ‘গার্ড অব অনার’ পেয়েছেন অভিজ্ঞ এ অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্তরা।