বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
একুশের কণ্ঠ অনলাইন:: সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের এক দফা দাবিতে সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।
বর্তমান সরকারকে এখন থেকে আর কোনো সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানান রুহুল কবির রিজভী। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের আদালতে হাজিরা দিতে নিষেধ করাসহ বিদ্যুৎ বিল, ট্যাক্স না দিতে জনগণের প্রতি আহ্বান করছি।
রিজভী বলেন, আগামী ৭ জানুয়ারি ভোট প্রতিহতের অংশ হিসেবে এসব কর্মসূচি।
এর আগে, দুপুর ১২টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক লাইভে এসে অসহযোগ আন্দোলন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর থেকে ১১ দফায় ২১ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি। সর্বশেষ গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি।