বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আগামী ৭ জানুয়ারির নির্বাচন ভাগ-বাটোয়ারার নির্বাচন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টন সংলগ্ন বিজয় নগর মোড় থেকে অবরোধের সমর্থনে মিছিল শুরু করে গণঅধিকার পরিষদ। মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, দেশের ৬৫ ভাগ জনগণ ইতিমধ্যে এই নির্বাচন বর্জন করেছে। ৬৫ ভাগ জনগণ নির্বাচন প্রত্যাখ্যান করার ফলে আরও ২০ থেকে ২৫ ভাগ জনগণ এই নির্বাচনে অংশ নেবে না। তাই সেদিক থেকে বলা চলে এটা কোন ভোট হচ্ছে না, এটা প্রহসনের নির্বাচন হচ্ছে।
তিনি বলেন, আপনারা দেখেছেন ভোটের দিন তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ তারিখ। অথচ ১৭ ডিসেম্বর ভাগ-বাটোয়ারা করা হয়েছে কে কয়টা আসন পাবে, কে কোন জায়গার এমপি হবে। নির্বাচনের ফলাফল ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ৭ জানুয়ারির তো কোন দরকার নেই। দরকার হচ্ছে এই কারণেই যে এই নির্বাচনে প্রায় ২ হাজার কোটি টাকা বাজেট আছে সেই বাজেট টা ডিসি, এসপি, ওসি, ইএনও সবাইকে ভাগ বাটোয়ারা করে দিতে হবে। কারণ আওয়ামী লীগ একা খাবে সেটা তো হবে না। তাই এই ভাগ বাটোয়ারা করে দেওয়ার জন্যই মূলত ৭ জানুয়ারির নির্বাচনের নাটক সাজানো হয়েছে।
এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনসহ নেতাকর্মীদের সেখানে উপস্থিত ছিলেন।