বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:: পরিচালক আদিত্য ধরের হাত ধরে রূপালি পর্দায় তৈরি হলো অনন্য এক ইতিহাস। তার পরিচালিত ‘ধুরন্ধর ২’ ছবিটির জয়জয়কারের মধ্য দিয়ে এই ফ্র্যাঞ্চাইজিটি গড়েছে এক অনন্য বিশ্বরেকর্ড। ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর ২’ এই দুই ছবির সম্মিলিত বিশ্বব্যাপী আয় এখন ৩০০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে গেছে।
এর মাধ্যমে প্রথম কোনো ভারতীয় চলচ্চিত্র সিরিজ হিসেবে এই অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছাল। জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওস-এর ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে, আদিত্য ধর এবং লোকেশ ধর। প্রথম কিস্তির আকাশচুম্বী সাফল্যের রেশ ধরে এবার দ্বিতীয় কিস্তিটিও বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে।
২০২৫ সালের ৫ ডিসেম্বর যখন ‘ধুরন্ধর’ মুক্তি পায়, তখন বাণিজ্য মহলে এটি নিয়ে যথেষ্ট সংশয় ছিল। তবে মুক্তির পরপরই দর্শকদের অভূতপূর্ব সাড়া এবং আলোচনা-বিতর্কের ঝড়ে ছবিটি বক্স অফিসে অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়।
স্পাই অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি হিন্দি বক্স অফিসে ৮৪০ কোটি টাকার নেট (১০০০ কোটির বেশি গ্রস) আয় করে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের খেতাব জেতে। সব মিলিয়ে বিশ্বব্যাপী ১৩০০ কোটি টাকার বেশি আয় করে ভারতের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের মর্যাদা পায় ছবিটি।
প্রথম ছবির রেশ কাটতে না কাটতেই মাত্র চার মাসের ব্যবধানে মুক্তি পায় ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। রণবীর সিং অভিনীত এই অ্যাকশন প্যাকড সিক্যুয়েলটি পূর্বের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। ছবিটি বিশ্বব্যাপী ইতোমধ্যেই ১৭০০ কোটি টাকার বেশি আয় করেছে। এটি ভারতের বক্স অফিসে একক ভাষায় ১০০০ কোটি নেট আয়কারী সিনেমা।