রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
তেল আবিবের হোস্টেজেস স্কোয়ারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা। ছবি: সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক:: পার্লামেন্ট নির্বাচনের তিন দিন আগে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলের তেল আবিব শহরে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন।
শনিবার (২৪ অক্টোবর) তেল আবিবের উন্মুক্ত চত্বর হোস্টেজেস স্কোয়ারে বিক্ষোভ করে তারা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা সরকারের বিরোধিতার পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার স্বাধীন তদন্ত দাবি করেন। আগামী মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট নির্বাচন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর এটিই ইসরায়েলের প্রথম সাধারণ নির্বাচন।
আল জাজিরা জানিয়েছে, ‘অক্টোবর কাউন্সিল’ এ বিক্ষোভের ডাক দেয়। এটি তিন বছর আগে গাজায় ধরে নিয়ে যাওয়া ইসরায়েলি বন্দিদের পরিবারগুলোর প্রতিষ্ঠিত একটি গোষ্ঠী। গাজায় গণহত্যামূলক যুদ্ধের আগে হামাসের হামলা প্রতিরোধ করতে ‘সরকারের ব্যর্থতার জন্য জবাবদিহিতা দাবি করতে’ সমাবেশের আয়োজন করে তারা।
সমাবেশের আগে অক্টোবর কাউন্সিল এক্স এ লিখেছে, নির্বাচনের তিন দিন আগে সত্য উদ্ঘাটন, জবাবদিহিতা দাবি এবং একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের লক্ষ্যে তিন বছর ধরে যে সংগ্রাম চলছে তার চূড়ান্ত কর্মসূচীটির আয়োজন করব আমরা।
হারেৎজ পত্রিকা জানিয়েছে, ইসরায়েলের অন্যান্য স্থানেও সরকারবিরোধী বিক্ষোভের জন্য প্রতিবাদকারীরা জড়ো হচ্ছিলেন।
সূত্র: আল-জাজিরা