শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

১৩ জানুয়ারি সারা দেশে বিএনপির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক::

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ‘ভুয়া-বানোয়াট-মিথ্যা’ রাষ্ট্রদ্রোহীতার মামলায় অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামী ১৩ জানুয়ারি বুধবার সারা দেশে জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

গতকাল শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আজ রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আালমগীর এ তথ্য জানান।

বিএনপি মহাসচিব জানান, ‘সরকার বিএনপির নেতৃত্ব শূন্য করার হীন প্রচেষ্টা চালাচ্ছে। ভুয়া বানোয়াট মিথ্যা রাষ্ট্রদ্রোহীতার মামলায় তারেক রহমানের অনুপস্থিতিতে চার্জ গঠন ও ওয়ারেন্ট জারি সম্পূর্ণ আইনের পরিপন্থী দখলদার সরকারের বাকশালী চরিত্রের বহিঃপ্রকাশ। এই হীন অপচেষ্টা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগের চার্জগঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ১৩ জানুয়ারি বুধবার জেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অথবা মানববন্ধন কর্মসূচি পালন করবে।’

স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা দায়েরের ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সেইসঙ্গে ২০০৭ সালের ১১ জানুয়ারি বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে গণতন্ত্রকে হত্যা করে ১/১১ এর সেনা সমর্থিত সরকার গঠনের নিন্দা জানানো হয়। সভায় আগামী ১৯ জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন সারা দেশে বিএনপিসহ অঙ্গসংগঠনসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয়।

বৈঠকে মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com