শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
একুশের কণ্ঠ অনলাইন:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ তিন নেতার সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রোববার বেলা ১১টা ৫ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে।
বিএনপির প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন- ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, ১ মে শ্রমিক দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি। বৈঠকে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতার বিষয়ে কথা হতে পারে।
এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ মার্চ মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। অনুমতি না পেয়ে ২৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন দলটির এই তিন নেতা।