রবিবার, ২১ Jun ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদেশটি আজই জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আদেশে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। একই সঙ্গে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়েও কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সারওয়ার আলমকে সিলেটের ডিসি করা হয় গতবছরের ১৮ আগস্ট। সেসময় তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সারওয়ার আলম দেশব্যাপী ব্যাপক পরিচিতি অর্জন করেন। বিশেষ করে দুর্নীতি ও ভেজালবিরোধী অভিযানে তার সাহসী, দায়িত্বশীল এবং কার্যকর ভূমিকা সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। প্রশাসনের একজন দক্ষ ও আলোচিত কর্মকর্তা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

২৭তম বিসিএসের মাধ্যমে ২০০৮ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন সারওয়ার আলম। তিনি ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি এবং পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com