শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, দেশে গণতন্ত্র নেই, মানুষের জানমালের নিরাপত্তা নেই, বাকস্বাধীনতা নেই, মানবাধিকার ভুলুন্ঠিত, গণতন্ত্রের মা খালেদা জিয়া কারাবন্দি, গণতন্ত্র অবরুদ্ধ। তাই রাজপথে আন্দোলনের মাধ্যমেই অবৈধ এ সরকারের পতন নিশ্চিত করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
তিনি প্রশ্ন করেন, যেখানে সিইসি বলেছেন জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন রয়েছে সেখানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সেনা মোতায়েনের এখতিয়ার ইসির নেই। এসব কিসের আলামত?
আমান উল্লাহ আমান আজ সোমবার দুপুরে দেশের বর্তমান পরিস্থিতিতে দলের করণীয় ও মতামত গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ জেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের পচিালনায় এই সভা অনুষ্ঠিত হয়। দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে সভায় টেলিকনফারেন্সে ১৩ মিনিট ৫৯ সেকেন্ড যাবত বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সভায় আমন উল্লাহ আমান আরো বলেন, এই সরকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না। বিএনপি অতীতের যে কোন সময়ের চেয়ে ইস্পাতকঠিন দৃঢ় ঐক্যের মধ্যে দাঁড়িয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে যেনতেনভাবে একটি নির্বাচন দিয়ে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের সে খায়েস পূরণ হবে না। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন হবে না, খালেদা জিয়ার মুক্তি ছাড়া শেখ হাসিনা কোনো নির্বাচন করতে পারবেন না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি টাকায় দেশে ঘুরে বেরাবেন, ভোট চাইবেন, আর বিএনপির সভা-সমাবেশ বন্ধ করে রাখবে এটা হতে পারে না।
আমান বলেন, দেশের আদালতকে আজ আওয়ামী লীগ সরকার তাদের কব্জায় নিয়ে গেছে। আদালতকে ব্যবহার করে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে সাজা দিয়েছে। এই সরকার দেশে একদলীয় শাসন কায়েম করেছে। অতএব রাজপথের আন্দোলন ছাড়া বিশ্বের কোথাও কে নো স্বৈরাচারের পতন হয়নি। আজ আন্তর্জাতিকভাবে ঘোষণা হয়েছে বাংলাদেশ একটি স্বৈরতান্ত্রিক দেশ। তাই এই স্বৈরাচারকে হঠিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ঐক্যবদ্ধভাবে সকলকে রাজপথে নামতে হবে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, বাংলাদেশে আগামী নির্বাচন হতে হবে নির্দলীয়, নিরপেক্ষ একটি সহায়ক সরকারের অধীনে। আর সেই নির্বাচনে মহান আল্লাহর রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াই হবেন প্রধানমন্ত্রী।
জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট খালিকুজ্জামন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আাক্তার, হবিগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী, অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো: শাহজাহান, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মাধবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মো: ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।