শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

সরকার করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গুম করছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক::

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার বিএনপির নেতাকর্মীদের মতো করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাকেও গুম করছে। একটি বিশেষজ্ঞ দলের জরিপে আসছে ৯২৯ জন লোক করোনা উপসর্গের মারা গেছেন। আর সরকার বলছে- ২৮৩ জন করোনা উপসর্গ মারা গেছে। এই সরকার মৃত্যু আক্রান্ত সংখ্যাকে গুম করছে যেভাবে বিএনপি নেতাকর্মীদের গুম করে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের সামনে জাসাস’র উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, চীনে যখন করোনা শুরু হয়েছিল তখন থেকে আমাদের দেশে করোনা মোকাবিলায় প্রস্তুতি নিলে এত মানুষ আক্রান্ত ও মৃত্যুর মিছিল হতো না। অন্য দেশের দৃষ্টান্ত আছে আগাম প্রস্তুতি নেওয়ায় সেখানে তেমন আক্রান্ত হয়নি। আর আমাদের দেশের সরকার তখন অন্য কাজে ব্যস্ত ছিল। এর পরিণতি দেখছি প্রতিদিনই লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে সবকিছু পরিবর্তন হয়েছে কিন্তু এই সরকারে কোনো পরিবর্তন দেখছি না। সরকারের পূর্বের আচরণ বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। এই মহামারীর মধ্যেও আমাদের নেতাকর্মীদের গুম করা হচ্ছে। মামলা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে।

রিজভী অভিযোগ করে বলেন, ছাত্রদল নেতা রিপনকে তার বাড়ি থেকে মধ্যরাতে তুলে নেওয়া হয়েছে। তারপর স্বীকার করা হয়নি। গতকাল তাকে থানায় দেয়া হয়েছে। এটা কিসের নমুনা। সবাই বলছে ঐক্যবদ্ধভাবে গরিব, দুস্থ মানুষের পাশে দাঁড়াই।কিন্তু সরকার সেদিকে কোনো ভ্রুক্ষেপ না দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে।

এ সময় উপস্থিত ছিলেন জাসাসের সভাপতি মামুন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খোকন, সহ-সভাপতি ইথুন বাবু, জাহাঙ্গীর আলম রিপন, শাহরিয়া ইসলাম শায়লা, ডাক্তার আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com