শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সব ভোটার যাতে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ভোটার যাতে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন- সরকার সেটা নিশ্চিত করবে। সরকার এমন কোনো শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না, যাতে মানুষ কষ্ট পায় কিংবা অশান্তিতে থাকে।

১৯ মে শনিবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দুই দিনব্যাপী দ্বি-বার্ষিক সম্মেলনের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গত প্রায় ১০ বছর ধরে দেশ চালাচ্ছে। এই সময় সরকার সব ধর্মের মানুষ যাতে শান্তি ও নিরাপদে বসবাস করতে পারে- সেই চেষ্টাই করে যাচ্ছে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সামনে জাতীয় নির্বাচন আসছে। একটি কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বিশ্বাস করেন তা বাস্তবায়ন করেন। কোনো সাম্প্রদায়িক হয়রানির কথা শোনামাত্রই সরকার ব্যবস্থা নিয়েছে। এ ধরণের কোনো শক্তিকে সরকার মাথাচাড়া দিয়ে উঠতে দেয়নি।

পূজা উদযাপন পরিষদের সামাজিক কর্মকাণ্ডের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এই সংগঠন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করেছে, রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। এজন্য ধন্যবাদ। আসলে রোহিঙ্গা সমস্যা এদেশের জন্য একটি নতুন চ্যালেঞ্জ। মাদক নির্মূলে সরকারি কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের ব্যাপারে সরকারের অবস্থান জিরো টলারেন্স। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। তাদের ধরতে গিয়ে বন্দুকযুদ্ধ হয়ে যাচ্ছে। তবে এ ধরনের ঘটনা ঘটলে সেটারও তদন্ত হয় এবং হচ্ছে। যে কোনো হত্যাকাণ্ড কিংবা অপরাধ ঘটলে তদন্তের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানান তিনি।

মহাখালীতে পুলিশের হাতে এক সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যে ঘটনাই ঘটুক, তার সঙ্গে প্রশাসন, পুলিশ কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তিও জড়িত থাকেন- তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং হবে। এমপির বিরুদ্ধেও কোনো ছাড় দেওয়া হয়নি। কাজেই অপরাধী যেই হোন, কোনো ছাড় পাবেন না।

পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপুর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, স্বপন কুমার সাহা, কাজল দেবনাথ, অ্যাডভোকেট তাপস কুমার পাল, নির্মল কুমার চ্যাটার্জী, নির্মল রঞ্জন গুহ প্রমুখ। সারাদেশ থেকে আসা পূজা উদযাপন পরিষদ নেতারাও এ সময় বক্তৃতা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com