শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ

নিজস্ব প্রতিবেদক::

বঙ্গভবনে আজ শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় একজন নতুন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন শুক্রবার (১২ জুলাই) বিকেলে জানান, ‘শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’ বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মেয়াদে তার মন্ত্রিসভা দ্বিতীয়বারের জন্য রদবদল করতে যাচ্ছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী ইমরান আহমদ পূর্ণমন্ত্রী হিসেবে এবং আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

মন্ত্রী পরিষদ বিভাগ জানায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ধারা- ২ অনুযায়ী ইমরান আহমদকে পূর্ণমন্ত্রী এবং ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘শপথগ্রহণের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে।’

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করেন।

সিলেট থেকে ষষ্ঠবার নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমদকে গত ৭ জানুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রতিমন্ত্রী করা হয়। ফজিলাতুন নেসা ইন্দিরা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি একটি সংরক্ষিত আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য মনোনীত হন। পরে গত ১৯ মে মন্ত্রিসভা সামান্য পুনর্বিন্যাস করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com