মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

শ্রীনগরে ৪০টি আশ্রয়হীন পরিবারের ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা::

শ্রীনগরে ৪০ টি আশ্রয়হীন পরিবার ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভূক্তভোগিরা। বুধবার দুপুর ১২ টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করেন।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানায়, শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বাগানবাড়ী এলাকার সাইদুল ও অহিদুল গং টাকার বিনিময়ে প্রায় ৪০ টি পরিবারের কাছে দখল বুঝিয়ে দেয়। দখল পেয়ে সরকারী জমিতে প্রায় ৩৫ বছর ধরে ভিটে-মাটিহীন ৪০ টি পরিবার বসবাস করে আসছে। এদের মধ্যে কেউ কেউ সরকারের কাছ থেকে লিজ নিয়ে হাল সন পর্যন্ত খাজনা পরিশোধ করেছে। বাকীরা সরকারের কাছ থেকে লিজ পাওয়ার জন্য স্থানীয় ভূমি অফিসে আবেদন করেছে।

ওই এলাকার কদমআলী সর্দারের ছেলে জহির সর্দার জানান, তারা সাইদুল ও অহিদুল গংদেরকে টাকা পরিশোধ করে প্রায় ৩৩ বছর আগে দখল বুঝে নিয়ে সরকারের কাছ থেকে লিজ নেন। তাদের ভিপি কেস নং ১৩/৮৬। তারা হাল সন পর্যন্ত খাজনা পরিশোধ করেছেন। তারপরও ভূমিদস্যুরা তাদেরকে এখন সরকারী জায়গা ছেড়ে দিতে বলছে। জায়গা না ছাড়ায় তারা সরকারী সার্ভেয়ারের মাধ্যামে বসানো সীমানা পিলার উপড়ে ফেলেছে।

কে এম রাজু জানান, তিনি ওই চক্রটির কাছ থেকে দখল কিনে নিজের নামে লিজ নবায়ন করে হাল সন পর্যন্ত খাজনা পরিশোধ করেছে। তারপরও তারা ৩ দিন পূর্বে তার জমিতে কাজ করার জন্য দিন মজুর লাগিয়ে দেয়। এব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এব্যাপারে অভিযুক্ত সাইদুল সর্দার বলেন তারা ভূমিদস্যু নন এবং মানববন্ধনে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য নয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com