মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

তিন বাহিনীর স্পেশাল ফোর্সের যৌথ মহড়ায় সামরিক ইতিহাসে নতুন অধ্যায়: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর স্পেশাল ফোর্সের যৌথ মহড়ায় সামরিক ইতিহাসে নতুন অধ্যায়: প্রধানমন্ত্রী ছবি সংগৃহীত

একুশের কন্ঠ ডেস্ক : বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর স্পেশাল ফোর্সের যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে। তিন বাহিনীর স্পেশাল ফোর্সের একসঙ্গে মহড়ায় অংশগ্রহণ দেশের ইতিহাসে প্রথম। এ মহড়ার মাধ্যমে বিশ্বকে বার্তা দেওয়া হয়েছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।

তিনি আরও বলেন, সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের দূরদর্শী চিন্তা ও অঙ্গীকারের প্রতিফলন এই মহড়া। দেশের প্রয়োজনে সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও দায়িত্ব পালনে অবিচল থাকবে।

এর আগে স্বর্ণদ্বীপে পৌঁছালে তিন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

যৌথ মহড়ার মূল লক্ষ্য ছিল শত্রুপক্ষের দখল থেকে স্বর্ণদ্বীপ পুনরুদ্ধার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা প্রদর্শন। এতে আকাশপথে প্যারা-কমান্ডোদের অবতরণ, নৌ-কমান্ডোদের অভিযান এবং স্থলপথে সেনা কমান্ডোদের আক্রমণের কৌশল তুলে ধরা হয়।

মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
উল্লেখ্য, নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com