মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
বান্দুরা সেতু ভ্রম্যমান প্রতিবেদক, নবাবগঞ্জ (শুভাশিস গোস্বামী): ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছে ‘বান্দুরা সেতু’ মানেই ছিল তীব্র যানজট আর ভোগান্তির এক আতঙ্কের নাম। পুরোনো ও সরু সেতুটি পার হতে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হতো সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগীদের।
স্থবির হয়ে পড়েছিল স্থানীয় ব্যবসা-বাণিজ্য। দীর্ঘদিনের সেই জনদুর্ভোগ লাঘবে নির্মিত নতুন ও দৃষ্টিনন্দন বান্দুরা সেতুটি এখন পুরোপুরি দৃশ্যমান। তবে মূল সেতুর কাজ প্রায় শেষ হলেও সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) নির্মাণের কাজ বাকি থাকায় এখনো এর সুফল পাচ্ছেন না এলাকাবাসী।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরোনো সেতুর অচলাবস্থা কাটাতে বিকল্প ও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। প্রকল্পের স্থান নির্বাচন ও সম্ভাব্যতা যাচাই শেষে নতুন সেতুর নকশা প্রণয়ন করা হয়। তবে ভূমি অধিগ্রহণসহ নানা প্রশাসনিক জটিলতায় সেতুটির নির্মাণ কাজ শুরু হতে বেশ সময়ক্ষেপণ হয়। পরবর্তীতে এলাকাবাসীর জোরালো দাবির মুখে তৎকালীন জনপ্রতিনিধি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের সঙ্গে বহু প্রত্যাশিত এই বান্দুরা সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন।
নির্মাণ কাজের শুরুতে কিছুটা ধীরগতি থাকলেও বর্তমানে সেতুটি একটি পূর্ণাঙ্গ ও দৃষ্টিনন্দন অবয়ব পেয়েছে।
সরেজমিনে দেখা যায়, মূল সেতুর অবকাঠামোগত কাজ প্রায় শেষ পর্যায়ে। কিন্তু দুই পাশের সংযোগ সড়কের কাজ অসমাপ্ত থাকায় সেতুটি এখনো যান চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, সেতুটি চালু হওয়ার খবরে পুরো নবাবগঞ্জ উপজেলা ও বান্দুরা অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের বরাতে স্থানীয়রা আশা করছেন, সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করে সেতুটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।