মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

ভূমিকম্পে পঞ্চগড়সহ আশপাশের এলাকা কেঁপে উঠল

পঞ্চগড় প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের জেলা পঞ্চগড়সহ আশপাশের বিভিন্ন এলাকা। কয়েক সেকেন্ড স্থায়ী ছিল কম্পন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটের দিকে হঠাৎ এই কম্পন অনুভূত হয়।

ভূমিকম্প অনুভূত হওয়ার পর অনেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির আনুমানিক মাত্রা ছিল ৫ দশমিক ৪।

প্রাথমিক তথ্যে আরো বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি। পঞ্চগড় থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ১৬৪ দশমিক ৩ কিলোমিটার বলে ওই তথ্যে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় এ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পের বিস্তারিত তথ্য আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিতভাবে জানানো সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com