মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ ইসলামী ডেস্ক : উম্মুল মুমিনিন হজরত সাফিয়া (রা.) ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর অন্যতম স্ত্রী। খায়বার যুদ্ধের পর তিনি বন্দিদের মধ্যে ছিলেন। পরে রাসুলুল্লাহ (সা.) তাঁকে মুক্ত করে বিয়ে করেন এবং তাঁর মুক্তিকেই বিয়ের মোহর নির্ধারণ করেন। এভাবেই তিনি লাভ করেন উম্মুল মুমিনিন তথা মুমিনদের মায়ের সম্মানিত মর্যাদা। (সহিহ বুখারি, হাদিস: ৪২০০)
রাসুলুল্লাহ (সা.) সাফিয়া (রা.)-এর প্রতি ছিলেন অত্যন্ত যত্নশীল ও সহানুভূতিশীল। সফরের সময় তাঁর উট ধীরগতির হয়ে পড়লে তিনি অন্য স্ত্রীর উট তাঁকে দেওয়ার নির্দেশ দেন। তাঁর প্রতি এই ভালোবাসা ও আন্তরিকতা দাম্পত্য জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর উত্তম আচরণের দৃষ্টান্ত।
সাফিয়া (রা.) ছিলেন জ্ঞানী, প্রজ্ঞাবান ও আত্মমর্যাদাসম্পন্ন নারী। রাসুলুল্লাহ (সা.)-এর কাছ থেকে তিনি দ্বীনের জ্ঞান অর্জন করেন। তাঁর বর্ণিত হাদিসের সংখ্যা ১০টি বলে উল্লেখ রয়েছে। সাহাবি ও পরবর্তী প্রজন্মের অনেকেই তাঁর কাছ থেকে হাদিস ও ধর্মীয় জ্ঞান লাভ করেন।
একবার তাঁর এক দাসী খলিফা হজরত উমর (রা.)-এর কাছে অভিযোগ করেন, সাফিয়া (রা.) ইহুদি রীতিনীতির প্রতি অনুরাগী এবং ইহুদিদের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। জবাবে সাফিয়া (রা.) জানান, আল্লাহ তাঁকে শনিবারের পরিবর্তে জুমার দিন দান করেছেন, তাই শনিবারের প্রতি তাঁর বিশেষ আকর্ষণ নেই। আর ইহুদিদের সঙ্গে সম্পর্ক রাখেন আত্মীয়তার বন্ধন রক্ষার জন্য।
হিজরি ৩৫ সালে বিদ্রোহীরা হজরত উসমান (রা.)-এর বাড়ি অবরোধ করলে তাঁর কাছে খাবার ও পানি পৌঁছানোর পথ বন্ধ হয়ে যায়। এমন সংকটময় সময়ে সাফিয়া (রা.) নিজের দাসীর মাধ্যমে তাঁর জন্য খাবার ও পানি পাঠানোর ব্যবস্থা করেন।
হিজরি ৫০ সালে এই মহীয়সী নারী ইন্তেকাল করেন। তাঁকে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। জ্ঞান, আত্মমর্যাদা, উদারতা ও মানবিকতার জন্য ইসলামের ইতিহাসে সাফিয়া (রা.) স্মরণীয় হয়ে আছেন।